সোমবার | নভেম্বর ৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশখালীতে হচ্ছে আরও তিন এলএনজি টার্মিনাল

দুই বছরের মধ্যে কার্যক্রম দৃশ্যমান হওয়ার আশা

মহেশখালীতে হচ্ছে আরও তিন এলএনজি টার্মিনাল

এইচ এন আলম কক্সবাজার : দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও গ্যাস সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে একটি মহেশখালীর সমুদ্র উপকূলে এবং অপর দুটি মাতারবাড়ীতে স্থলভিত্তিক (ল্যান্ডবেইজ) টার্মিনাল হিসেবে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।

সোমবার (৯ নভেম্বর) মহেশখালী ও মাতারবাড়ীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এদিন মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ধলঘাটা, মাতারবাড়ী ও রাজঘাট এলাকা পরিদর্শন করে। এ সময় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়।

ব্রিফিংয়ে এবিএম আব্দুস সাত্তার বলেন, মাতারবাড়ীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। যোগ্য ব্যক্তিদের কর্মসংস্থানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে নতুন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। গভীর সমুদ্রবন্দরের নির্মাণকাজ সম্পন্ন হলে দেশের অর্থনীতি ও বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন আসবে।

মুখ্য সচিব বলেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব প্রকল্প আশানুরূপ অগ্রগতি পায়নি। বর্তমান সরকার দ্রুততম সময়ে প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে উদ্যোগ নিয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা