মঙ্গলবার | নভেম্বর ১০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কটিয়াদীতে বিএনপির মিছিল ও সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ :

কটিয়াদীতে বিএনপির মিছিল ও সমাবেশ

মোঃ মফিজউদ্দিন নয়ন কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু ও শফিকুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক এবং ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুখলেছুর রহমান বাবলুসহ অন্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছেন বলে তাঁরা মনে করেন। কটিয়াদীতে কোনো ধরনের নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ বলেন, দেশের গণতন্ত্র ও শান্তি বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে। এ জন্য দলের সব নেতাকর্মীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা