নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাসুম মিয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়ার বাসিন্দা জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো একসময় ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে বৈদ্যুতিক তার চুরি করতে যান মাসুম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার সকালে ওই সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।
