চাঁদপুর থেকে এ কে আজাদ : চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারিকেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শংকর চন্দ্র শীল ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তিন সন্তানের জনক।
স্থানীয় বাসিন্দা নারায়ণ রবিদাস জানান, দুপুরে শংকর চন্দ্র শীল নারিকেলতলা এলাকায় পাড়া গাব্দেরগাঁও নারিকেলতলা সড়ক পার হয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুজাম্মেল হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় শংকর চন্দ্র শীলকে হাসপাতালে আনা হলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠানো হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ এবং চালককে শনাক্ত করে আটকের ব্যবস্থা নেওয়া হবে।
