শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ৫২ভাগে ব্যঞ্জন অন্যকুটির উদ্যোগে দুই দিনব্যাপী মহা নামযজ্ঞ ও মহাভোগের আয়োজন করা হয়েছে। ৫২ পদের ব্যঞ্জন ও তরিতরকারি দিয়ে প্রস্তুত মহাভোগ গ্রহণ এবং মহানাম সংকীর্তনে অংশ নিতে ভক্তদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৫২ ব্যঞ্জন অন্যকুটির আয়োজনে মহানামযজ্ঞ, ভাগবত পাঠ ও সংকীর্তন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৬৮ বছর ধরে ঐতিহ্যবাহী এ আয়োজন চলে আসছে। প্রতিবছর এ আয়োজনে দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা পূজা ফোরামের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদের আইনবিষয়ক সম্পাদক ও সাংবাদিক শ্যামল দত্ত, ডা. পবন কুমার ভদ্র,সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র দে, কুমার দে, অশোক কুমার দে, মাস্টার অসীম কুমার দে, নিতাই কুমার দেসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
