এইচ এন আলম, কক্সবাজার : নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে আইন ও সরকারি নির্দেশনা থাকলেও কক্সবাজারে এর ব্যবহার কমছে না। বরং পর্যটন শহরসহ জেলার বিভিন্ন হাটবাজার, মুদি দোকান ও বিপণিবিতানে অবাধে বিক্রি ও ব্যবহার হচ্ছে পলিথিন। কম দামে সহজলভ্য হওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়েই এর ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ফলে একদিকে বাড়ছে পরিবেশদূষণ, অন্যদিকে মাটির উর্বরতা কমে যাওয়ার পাশাপাশি জলাবদ্ধতার ঝুঁকিও বাড়ছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (২০০২ সালের সংশোধনী) অনুযায়ী পলিথিনের উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি, প্রদর্শন, মজুত, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ। আইনের ২৫ ধারা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদন বা আমদানি করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সাবেক
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ২০২৪ সাল থেকে নতুন করে পলিথিনের বিরুদ্ধে সময়াবদ্ধ নিষেধাজ্ঞা আরোপ করেন। পরবর্তীতে ২০২৬ সালেও সরকারের উচ্চপর্যায় থেকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কিন্তু কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ হয়নি।
স্থানীয় বাজারগুলোতে সরেজমিনে দেখা যায়, মাছ, মাংস, সবজি, মুদি পণ্যসহ প্রায় সব ধরনের পণ্য বিক্রিতে পলিথিনের ব্যবহার হচ্ছে। ক্রেতারাও পণ্য কেনার পর পলিথিনে ভরে বাড়ি ফিরছেন। ব্যবহারের পর এসব পলিথিন যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে। পরে বৃষ্টির পানিতে নালা-নর্দমায় জমে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে।
বাজারের পলিথিন বিক্রেতা ও ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ পলিথিন নিম্নমানের ও পাতলা হওয়ায় সামান্য ওজনেই ছিঁড়ে যায়। ক্রেতারা বাজারে আসার সময় নিজস্ব ব্যাগ নিয়ে না আসায় বিকল্প হিসেবে পলিথিন ব্যবহার করছেন। আবার বাজার থেকে পলিথিন কিনে নেওয়ার প্রবণতাও রয়েছে।
ইসলামপুর ইউনিয়ন ব্যবসায়ী নুরুল আবচার কোং বলেন,
আগে বাজারে গেলে বাড়ি থেকে বাজারের ঝুড়ি বা ব্যাগ নিয়ে যেতাম। এখন সেই অভ্যাস অনেকটা হারিয়ে গেছে। সামান্য ১০ টাকার মুদি কেনাকাটাতেও পলিথিন ব্যবহার হচ্ছে। পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি বন্ধে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অভ্যাসও পরিবর্তন করতে হবে।
কক্সবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসেম বলেন, পলিথিনের বিকল্প না থাকায় এর ব্যবহার কমছে না। বর্তমানে বাজারে যেসব নিম্নমানের পলিথিন বিক্রি হচ্ছে, সেগুলো অত্যন্ত হালকা। এক কেজি পণ্য নিতে দুটি পলিথিন ব্যবহার করতে হয়। অথচ বিদেশে একটি পলিথিনে ৮ থেকে ১০ কেজি পর্যন্ত পণ্য বহন করা যায়। এতে আমাদের পলিথিনের ব্যবহার আরও বাড়ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
সরকার আন্তরিক হলে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেখানে পলিথিন উৎপাদন হয়, সেখানে অভিযান চালানো জরুরি। সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বিকল্প ব্যবস্থা না করে তাঁদের হয়রানি করা ঠিক নয়।
কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক বলেন, পলিথিনের মারাত্মক অপব্যবহারের ফলে জমির উর্বরতা কমে যাচ্ছে। এ বিষয়ে মানুষকে সচেতন হতে হবে। একই সঙ্গে পলিথিন বন্ধে রাষ্ট্রকে কঠোর উদ্যোগ নিতে হবে।
কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ছৈয়দুল হক আজাদ বলেন, পৌরসভার নালা-নর্দমা ভরাট হওয়ার অন্যতম প্রধান কারণ পলিথিন। এটি সহজে নষ্ট হয় না। যত্রতত্র ফেলে রাখার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়।
পলিথিনের ব্যবহার বন্ধের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায়ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
পরিবেশসংশ্লিষ্টদের মতে, পলিথিন মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট করে এবং পানি চলাচলে বাধা সৃষ্টি করে। দীর্ঘদিন মাটিতে পড়ে থাকায় কৃষিজমির উর্বরতা হ্রাসের পাশাপাশি নালা-নর্দমা ও জলাশয় দূষিত হয়। পলিথিন পোড়ানোর ফলে বায়ুদূষণের ঝুঁকিও তৈরি হয়।
সংশ্লিষ্টদের অভিমত, শুধু বাজারে অভিযান চালিয়ে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। এর উৎপাদন ও সরবরাহের উৎস বন্ধ করার পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ সহজলভ্য করতে হবে। একই সঙ্গে ক্রেতাদের নিজস্ব ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগই পারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে।
