মোঃ মজিবর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ।
কুড়িগ্রামে পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ১১ নভেম্বর রাত আনুমানিক সারে ১০টায় পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় নাগেশ্বরী থানার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর বৈরাগীপাড়া গ্রামে জনৈক শ্রী বেনু চন্দ্র শীল এর পরিত্যক্ত দোচালা টিনের ঘরের ভিতরে থেকে ১০৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—ভিতরবন্দের ভবানীপুরের শ্রী মানিক চন্দ্র শীল (৪৩), শ্রী মিলন চন্দ্র সেন (২৭),মোঃ বিপ্লব মিয়া (২৫), মোঃ তৈয়ব আলী (৪৮)।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১১ নভেম্বর ২০২৬ তারিখ রাতে নাগেশ্বরী থানাধীন ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর বৈরাগীপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে বলে জানিয়েছেন জেলা পুলিশ।
