রিয়াজ উদ্দিন, কক্সবাজার: ➡️ স্বপ্ন সুপার শপকে ৩ লাখ টাকা ➡️ জামান রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা ➡️ চৌরঙ্গী বেকারিকে ৮ লাখ টাকা
কক্সবাজার শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে স্বপ্ন সুপার শপ, জামান রেস্টুরেন্ট ও চৌরঙ্গী বেকারির বিরুদ্ধে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানের প্রথম পর্যায়ে স্বপ্ন সুপার শপ ও জামান রেস্টুরেন্টে তল্লাশি চালানো হয়। এ সময় জামান রেস্টুরেন্টের ফ্রিজে পচা ও বাসি খাবার সংরক্ষণ এবং রান্নার কাজে অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহারের বিষয়টি উঠে আসে। অন্যদিকে, স্বপ্ন সুপার শপে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
পরে চৌরঙ্গী বেকারির উৎপাদন ইউনিটে অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেক, বিস্কুট ও পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। এ ছাড়া খাদ্যপণ্যে ক্ষতিকর রং এবং অনুমোদিত মাত্রার অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানার পরিবেশ দ্রুত স্বাস্থ্যসম্মত করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। বড় প্রতিষ্ঠান হলেও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার সুযোগ নেই। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, শহরের পরিচিত তিনটি প্রতিষ্ঠানে এমন অনিয়মের ঘটনায় স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন পর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
