রবিবার | নভেম্বর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ৪২ বছরে ‘রূপসী কাপ্তাই’: জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪২ বছরে ‘রূপসী কাপ্তাই’: জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই থেকে প্রকাশিত মাসিক সাময়িকী ‘রূপসী কাপ্তাই’-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমকালো আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাইয়ের ওয়াগা প্যানোরামা জুম রেস্টুরেন্টে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, সাংবাদিক সংবর্ধনা ও কথামালা।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন ‘রূপসী কাপ্তাই’-এর সম্পাদক ও সাংবাদিক কাজী মোশাররফের। এতে উপস্থিত ছিলেন কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ (বিএন), কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জুজ্জামান, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, বিএফআইডিসি কাপ্তাইয়ের সহব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, আরটিভির জেলা প্রতিনিধি ইয়াসিন রানা সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৪২ বছর ধরে ‘রূপসী কাপ্তাই’ কাপ্তাইয়ের স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জনজীবনের নানা বিষয় তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থানীয় সাংবাদিকতা ও সাহিত্য-সংস্কৃতির বিকাশেও সাময়িকীটির অবদান প্রশংসনীয়।

বক্তারা আরও বলেন, ‘রূপসী কাপ্তাই’ শুধু একটি সাময়িকী নয়—এটি কাপ্তাইয়ের ইতিহাস, ঐতিহ্য ও মানুষের কথা তুলে ধরা একটি দীর্ঘদিনের আয়না। চার দশকের বেশি সময় ধরে এর পথচলা স্থানীয় সাংবাদিকতা ও সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে একটি উল্লেখযোগ্য অধ্যায় তৈরি করেছে।

পরে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ এবং কাপ্তাই উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরীকে সংবর্ধনা প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা