সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট : বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে দেশের মেধাবী তরুণদের উদ্ভাবিত প্রযুক্তিকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ উদ্ভাবকদের সঠিক সুযোগ ও পৃষ্ঠপোষকতা দেওয়া গেলে তারা বৈশ্বিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটে অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বক্তব্যে তিনি উল্লেখ করেন, আধুনিক যুগে বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি ছাড়া কোনো জাতি বা প্রজন্ম এগোতে পারে না। তরুণদের সৃষ্টিশীল চিন্তা ও মেধাকে কাজে লাগিয়ে একটি আত্মনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। সাহস নিয়ে নতুন ভাবনায় এগিয়ে আসার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এর আগে সকালে বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়ার পর সাড়ে ১০টার দিকে লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে তিনি ক্যাম্পাস ঘুরে দেখেন এবং পরবর্তীতে প্রতিযোগিতার মূল আয়োজনে অংশ নেন।
প্রধানমন্ত্রীর দিনের বাকি কর্মসূচির মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের মন্ডলেরহাটে মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় জনসভায় অংশগ্রহণ। বিকেলে কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক সামাজিক উদ্যোগের প্রায় ১৫ হাজার স্বেচ্ছাসেবকের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সব কর্মসূচি শেষে বিকেল ৪টার দিকে একই বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে লালমনিরহাটজুড়ে প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। সকাল থেকেই বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে এবং স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।
