মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুক থেকে পাওয়া ৫১ বস্তা টাকা দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে গণনা করছেন মাদ্রাসা শিক্ষার্থীরা।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স থেকে এবার ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। নগদ টাকা ছাড়াও সিন্দুকগুলোতে বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার রয়েছে। বর্তমানে এসব টাকা গণনার কাজ চলছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ও জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলার কাজ শুরু হয়।
এবার ৪ মাস ২৪ দিন পর মসজিদের দানবাক্সগুলো খোলা হলো। এর আগে গেল ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স থেকে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল।
টাকার বস্তাগুলো মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু হয়েছে।
গণনায় অংশ নিয়েছেন পাগলা মসজিদ নূরানী কুরআন হাফিজিয়া মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী, শহরের আল জামিয়াতুল ইমদাদীয়ার ২০০ শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক মানুষ।
সাধারণত তিন মাস পরপর পাগলা মসজিদের দানসিন্দুক খোলা হয়।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, দানের এই অর্থ দিয়ে এখানে একটি বহুতল মসজিদ ও ইসলামি কমপ্লেক্স নির্মাণ করা হবে।
পাগলা মসজিদের দানবাক্স থেকে এ পর্যন্ত পাওয়া প্রায় ১৩০ কোটি টাকা ব্যাংকে জমা রয়েছে। এছাড়া দানবাক্স থেকে পাওয়া গেছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। পাওয়া গেছে ১৭টি দেশের বিপুল পরিমাণ মুদ্রাও।
জনশ্রুতি রয়েছে , কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর মাঝখানে জেগে ওঠা চরে এক আধ্যাত্মিক পাগল সাধকের আস্তানা ছিল। ওই সাধকের মৃত্যুর পর সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। পরে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়।
পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ-বিদেশের অসংখ্য মানুষ এখানে দান করেন। দানসিন্দুক ছাড়াও প্রতিদিন শয়ে শয়ে মানুষ মসজিদে গরু, ছাগল, হাঁস-মুরগি ও বিভিন্ন ফলমূলসহ নানা দ্রব্য দান করেন। এসব সামগ্রী প্রতিদিন বিকেলে নিলামে বিক্রি করা হয়।
