কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কে.এম. আহসান উল্ল্যা: কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে এক কোটি বাষট্টি লাখ টাকা মূল্যের মোবাইল ডিসপ্লে আটক করেছে বিজিবি। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি-১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ।
বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত এগারটায় শিবের বাজার বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে সীমান্ত হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা নামক স্থান হতে যানবাহনসহ বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে আটক করে। যার আনুমানিক মূল্য এক কোটি বাষট্টি লাখ টাকা।
বিজিবি-১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত রক্ষা ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটককৃত চোরাচালানী মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
