রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জের বাজিতপুরে বিনামূল্যে ২৪ প্রতিবন্ধী ব্যক্তি পেল ৪৮টি ছাগল

কিশোরগঞ্জের বাজিতপুরে বিনামূল্যে ২৪ প্রতিবন্ধী ব্যক্তি পেল ৪৮টি ছাগল

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘সামাজিক ব্যবসাভিত্তিক ছাগল পালন প্রকল্প’-এর আওতায় কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪টি প্রতিবন্ধী ব্যক্তি ও শিশু পরিবারের মাঝে বিনামূল্যে ৪৮টি ছাগল বিতরণ করা হয়েছে।

পরিবারগুলোর আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় বাজিতপুর উপজেলার মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার হলরুমে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ২৪টি পরিবারের প্রত্যেককে দুটি করে ছাগল দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সুদীপ্ত নাগ হিমেল ও বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নাসরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) নূরে হায়াত আফসানা।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, তাঁরা সম্পদ। তাঁদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ছাগল পালনের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

একটি ছাগল থেকে ভবিষ্যতে আরও ছাগল উৎপাদনের মাধ্যমে পরিবারের আয় বাড়বে। এতে সন্তানদের লেখাপড়া ও চিকিৎসার ব্যয় মেটানো সহজ হবে।

তিনি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগে জেলা পরিষদ সব সময় পাশে থাকবে। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে যে নিরলস কাজ করে যাচ্ছে, তা সত্যিই অনুকরণীয়।

বিশেষ অতিথি ডা. সুদীপ্ত নাগ হিমেল উপকারভোগীদের ছাগল পালনের সঠিক পদ্ধতি, খাবার, টিকা ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। তিনি বলেন, নিয়মিত পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ছাগল পালন করে পরিবারগুলো অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ২৪টি প্রতিবন্ধী ব্যক্তি ও শিশু পরিবারের হাতে দুটি করে মোট ৪৮টি ছাগল তুলে দেন। ছাগল পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে আনন্দের সৃষ্টি হয়। এ সময় তাঁরা আয়োজক প্রতিষ্ঠান ও দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা