রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চাঁদা না দেওয়ায় কাপ্তাই জেটিঘাটের হাটে আসেনি পাহাড়ি ক্রেতা-বিক্রেতা

কোটি টাকার বেচাকেনায় ধস

চাঁদা না দেওয়ায় কাপ্তাই জেটিঘাটের হাটে আসেনি পাহাড়ি ক্রেতা-বিক্রেতা

নুর মোহাম্মদ, কাপ্তাই প্রতিনিধি: চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে রাঙামাটির কাপ্তাইয়ের আপস্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক হাটে দেখা দিয়েছে অচলাবস্থা। শনিবারের হাটে পাহাড়ি ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি না থাকায় প্রায় জনশূন্য হয়ে পড়ে বাজার। এতে একদিনের হাটে কোটি টাকার সম্ভাব্য বেচাকেনা থেকে বঞ্চিত হয়েছেন পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের কৃষক, ব্যবসায়ী ও ক্রেতারা।

শনিবার (২১ নভেম্বর) কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত আপস্ট্রিম জেটিঘাটে সাপ্তাহিক হাট বসে। এ হাটে কাপ্তাইসহ বিলাইছড়ি, ফারুয়া, রাঙামাটি সদর ও আশপাশের পাহাড়ি এলাকার কৃষক ও ব্যবসায়ীরা নিজেদের বাগানের উৎপাদিত ফলমূল, কাঁচামালসহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন। পাশাপাশি রাউজান ও রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকা থেকেও ব্যবসায়ীরা পণ্য নিয়ে আসেন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, গত ১৫-২০ দিন ধরে পাহাড়ের একটি সংগঠন হাটের ইজারাদার ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই পাহাড়ি কৃষক ও ব্যবসায়ীদের হাটে আসা বন্ধ হয়ে যায়।

ফলে শনিবারের হাটে রাউজান ও রাঙ্গুনিয়া থেকে ফুলকপি, কাঁচামরিচ, মুলাসহ বিভিন্ন সবজি নিয়ে ব্যবসায়ীরা এলেও পাহাড়ি এলাকার কৃষক ও ব্যবসায়ীদের দেখা মেলেনি। এতে বাজারে ক্রেতার উপস্থিতিও ছিল তুলনামূলকভাবে কম।

রাউজান থেকে সবজি নিয়ে আসা ব্যবসায়ী জমির বলেন, “শুনেছি পাহাড়ি সংগঠনটি কাপ্তাইয়ের ইজারাদার ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে। দাবিকৃত টাকা না দেওয়ায় পাহাড়ি ব্যবসায়ীরা ভয়ে হাটে আসছেন না।”

রাঙ্গুনিয়ার এক সবজি ব্যবসায়ীও একই ধরনের অভিযোগ করেন।

নাম প্রকাশ না করার শর্তে জেটিঘাট হাটের এক ইজারাদার অভিযোগ করেন, “আমাদের কাছেও মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই পাহাড়ি কৃষক, ব্যবসায়ী ও ফলমূল বিক্রেতারা হাটে আসছেন না। এতে প্রতিদিন নয়, সাপ্তাহিক এই হাটের একদিনেই উভয় পক্ষের কোটি টাকার ক্ষতি হচ্ছে।”

ব্যবসায়ীরা বলছেন, পাহাড়ি কৃষক ও ব্যবসায়ীরা হাটে না আসায় একদিকে যেমন তাদের উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ নষ্ট হচ্ছে, অন্যদিকে ক্রেতারাও প্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন এ পরিস্থিতি চলতে থাকলে জেটিঘাটের ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাটের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

তবে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা