রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রামগড় ইউপির নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আবদুল হক মানিক

রামগড় ইউপির নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আবদুল হক মানিক

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: সংগ্রাম, কারাবরণ, সমাজসেবা, চিকিৎসাসেবা, খেলাধূলায় সহযোগিতা এবং শিক্ষার প্রসারে অবদান এরমত জনসম্পৃক্ততা মূলক এসব একসূত্রে গাঁথলে যে নামটি বিশেষভাবে সামনে আসে, তিনি হলেন রামগড়ের পরিচিত মুখ আবদুল হক মানিক।

ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখার মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন নিজের স্বতন্ত্র পরিচয়। তাঁর জীবনযাত্রায় রয়েছে সংগ্রাম, দায়িত্ববোধ, পারিবারিক মূল্যবোধ এবং মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য প্রত্যয়।

১৯৯২ সালের ১ জুন, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মরহুম হাজী নুরুল হকের পরিবারে জন্মগ্রহণ করেন আবদুল হক মানিক। তাঁর জন্মস্থান ১ নং রামগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লামকুপাড়া গ্রামে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয় এবং ভাইদের মধ্যে সবার বড়।

ছোটবেলা থেকেই পারিবারিক শিক্ষা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের মধ্য দিয়ে তাঁর বেড়ে ওঠা। বিশেষ করে মায়ের কাছ থেকে অর্জিত প্রাথমিক শিক্ষা ও পারিবারিক আদর্শ তাঁর ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দক্ষিণ লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের সূচনা হলেও শিক্ষাজীবনের একপর্যায়ে কুমিল্লায় নানার বাড়িতে অবস্থান করতে হয়। সেখানে থেকেই ২০০৮ সালে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এসএসসির পর ফের রামগড়ে ফিরে এসে ২০১০ সালে রামগড় সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ২০১৪ সাথে ঢাকা অবস্থান করে কৃতিত্বের সাথে ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে প্রথমে পোশাকশিল্পে কাজ করেন। পরবর্তীতে একাধিক বেসরকারি প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিতে চাকুরী করেন। বর্তমানে তিনি দেশের স্বনামধন্য সেবামূলক প্রতিষ্ঠান ইবনে ট্রাস্টে সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

মূলত পারিবারিক ঐতিহ্য ও পিতার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড, অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। তাঁর মতে, সমাজসেবা কেবল আর্থিক সহযোগিতার বিষয় নয়; বরং মানুষের মৌলিক প্রয়োজন পূরণে ভূমিকা রাখা এবং একটি সুন্দর, মানবিক ও শিক্ষিত সমাজ গঠনে অবদান রাখাই এর মূল উদ্দেশ্য।

এই লক্ষ্যকে সামনে রেখে তিনি অসুস্থ ও অসহায় মানুষের সুচিকিৎসা প্রাপ্তিতে সহযোগিতা, বিশুদ্ধ পানির সংকট নিরসনে টিউবওয়েল স্থাপন, গৃহহীন পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা, মসজিদের অবকাঠামোগত উন্নয়ন এবং মাদরাসা শিক্ষার প্রসার ও ভিত্তি মজবুত করার লক্ষ্যে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

মানিক বিশ্বাস করেন, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধু রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার প্রসার, সুস্বাস্থ্য, বিশুদ্ধ পানি এবং মানবিক মূল্যবোধের বিকাশের মধ্যেই একটি সমাজের সামগ্রিক অগ্রগতি নিহিত।

ব্যক্তিগত জীবনে ২০১৭ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। পরিবার, কর্মজীবন ও সামাজিক দায়িত্ব—এই তিনটি ক্ষেত্রের মধ্যে সমন্বয় রেখে এগিয়ে চলাই তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট্য।

আবদুল হক মানিক বলেন, সমাজে ইনসাফ ও গণমানুষের ন্যার্য অধিকার সহ ন্যায়নীতি প্রতিষ্ঠায় তিনি অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে একটি সুন্দর আধুনিক স্বাস্থ্য ও শিক্ষা, যাতায়াত ব্যবস্থাসহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার গুরুদায়িত্ব পালন করেতে চান মানিক। তাই দলটির সমর্থন নিয়ে ইউনিয়নবাসীর ধারেধারে সত্য ও ইনসাফের বার্তা পৌছে দিচ্ছেন মানিক। তিনি চান দরিদ্র, অসহায় চিন্নমূল মানুষের মাঝে নিজেকে প্রতিষ্ঠা করতে। চান সকল ভোটার ও গণমানুষের জনসমর্থন ও দোয়া।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা