রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে নয়: শ্রীমঙ্গলের সেমিনারে প্রধান তথ্য কর্মকর্তা

সুরক্ষা আইনের খসড়া মন্ত্রণালয়ে

সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে নয়: শ্রীমঙ্গলের সেমিনারে প্রধান তথ্য কর্মকর্তা

শাহাব উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ‘সাংবাদিক সুরক্ষা আইন’-এর একটি খসড়া তৈরি করে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। খসড়ায় সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার নিচে না রাখার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌরসভার কনফারেন্স হলে ‘গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির (জিপিএমএস) আওতায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট এ সেমিনারের আয়োজন করে। সহযোগিতায় ছিল জেলা তথ্য অফিস, মৌলভীবাজার।

সৈয়দ আবদাল আহমদ বলেন, সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি মফস্বল, বিভাগ, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকদের জন্য ন্যায্য সম্মানী নির্ধারণের প্রস্তাবও খসড়ায় রাখা হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবে বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে খসড়াটি প্রণয়ন করা হয়, যা বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আলোচনাধীন। তিনি বলেন, ‘শিগগিরই এটি বাস্তবায়িত হবে বলে আশা করছি।’

তথ্য অধিদপ্তরের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে তাদের পেশাগত কাজে সহযোগিতা করাই পিআইডির মূল কাজ। ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বিশেষ সেল গঠন এবং একটি স্বাধীন ও জবাবদিহিমূলক কাঠামো তৈরির কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করা ও তাদের অপতৎপরতা মোকাবিলা সহজ হবে। বর্তমান সরকারকে সাংবাদিকবান্ধব ও স্বচ্ছ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজের সুযোগ পাচ্ছেন এবং নিয়মিত প্রেস ব্রিফিং ও মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যও পাচ্ছেন। ‘সবার উপরে বাংলাদেশ’ স্লোগান ধারণ করে সাংবাদিকরা দেশ, সমাজ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন বলে প্রত্যাশা জানান তিনি।

আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাছিনা আক্তারের সভাপতিত্বে এবং তথ্য সহকারী মো. মাহমুদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব) উজ্জ্বল শীল এবং আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন।

সভাপতির বক্তব্যে হাছিনা আক্তার বলেন, সাংবাদিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য অধিদপ্তর কাজ করছে। ভুয়া ও ফেসবুককেন্দ্রিক সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। মিথ্যা তথ্য ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করে গুজব ছড়ানো প্রতিরোধে সরকারের বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

সেমিনারে আরও বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, সদস্যসচিব রুবেল আহমদ এবং আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের তথ্য সহকারী ডলি রাণী সূত্রধর।

উন্মুক্ত আলোচনায় স্থানীয় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতা, তথ্যপ্রাপ্তিতে জটিলতা, হয়রানিমূলক মামলা ও আর্থিক অনিশ্চয়তাসহ নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্যসচিব মো. এহসানুল হক বলেন, সাইবার নিরাপত্তা ও মানহানিসংক্রান্ত আইনের কঠোর ধারাগুলোর অস্পষ্টতার সুযোগ নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা। তিনি অভিযোগ করেন, শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সদ্য বদলি হওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন তার বিরুদ্ধে সিলেট সাইবার আদালতে সাইবার আইনে একটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা করেছেন। মামলার আগে ওই কর্মকর্তা কোনো প্রতিবাদলিপি, প্রেস কাউন্সিলে অভিযোগ বা আইনি নোটিশ পাঠাননি বলেও দাবি করেন তিনি।

তথ্য অধিকার আইন থাকা সত্ত্বেও সরকারি-বেসরকারি দপ্তরে আমলাতান্ত্রিক জটিলতা ও তথ্য দিতে অনীহার কারণে অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন এহসানুল হক। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ডা. সিনথিয়া তাসমিনের কাছে ১১টি সুনির্দিষ্ট বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেও নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তথ্য পাননি। তিনি বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপব্যবহার বন্ধ করতে হবে। হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের অনেক সংবাদকর্মীকে নির্দিষ্ট বেতন-ভাতা না দিয়ে শুধু পরিচয়পত্র ধরিয়ে দেওয়া হয়। এই আর্থিক অনিশ্চয়তার কারণে অনেকে অনৈতিক চর্চা কিংবা স্থানীয় প্রভাবশালীদের চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক কর্মী ও প্রভাবশালী মহলের হাতে লাঞ্ছনা ও হামলার শিকার হন বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ তোলেন এবং এহসানুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আরপি নিউজের সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান বলেন, অধিকাংশ গণমাধ্যমে ওয়েজ বোর্ড বাস্তবায়িত না হওয়ায় সাংবাদিকরা স্বল্প বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন; অনেক ক্ষেত্রে মাসের পর মাস বেতন বকেয়া থাকে। নিয়োগপত্র না দেওয়া ও যখন-তখন চাকরিচ্যুতির প্রবণতায় সাংবাদিকদের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক বিরাজ করে। ফলে মালিকপক্ষ বা প্রভাবশালী মহলের বিরুদ্ধে স্বাধীনভাবে সংবাদ প্রকাশে অনেকেই সাহস পান না।

দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ মফস্বল সাংবাদিকদের সম্মানী না পাওয়া এবং পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হয়রানির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি কাওছার ইকবাল বলেন, তথ্য অফিসের কার্যক্রম দৃশ্যমান নয়; এ কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত করতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সেমিনারে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৫ জন সদস্য অংশ নেন। আলোচনায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রাপ্তির অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, আর্থিক ও সামাজিক সুরক্ষা এবং স্বাধীন সাংবাদিকতার অনুকূল পরিবেশ নিশ্চিতের বিষয়গুলো গুরুত্ব পায়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা