বুধবার | নভেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শেরপুরে লোটোর গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৫ লাখ টাকার জুতা

শেরপুরে লোটোর গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৫ লাখ টাকার জুতা

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরে ইতালিয়ান বহুজাতিক ব্র‍্যান্ড লোটোর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে সংরক্ষিত প্রায় ২৫ লাখ টাকার জুতা পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুনে গোডাউনসহ পাশের একটি দোতলা ভবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের খরমপুর এলাকায় অবস্থিত লোটোর শোরুমের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, দুপুরে হঠাৎ গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে শোরুমের কর্মীরা তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই গোডাউনে থাকা প্রায় ২৫ লাখ টাকার জুতা পুড়ে যায়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় পাশের বাসাবাড়ি ও অন্যান্য দোকানপাট বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।

গোডাউনের মালিক সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বল দৈনিক জনতাকে জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তাঁর বাসার বৈদ্যুতিক সংযোগ কে বা কারা বিচ্ছিন্ন করে দিয়েছে। এর পরপরই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি শত্রুতামূলক হতে পারে বলে তাঁর সন্দেহ। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।

লোটোর শেরপুর আউটলেটের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উজ্জ্বল শীল দৈনিক জনতাকে জানান, গোডাউন ও শোরুম মিলিয়ে তাঁদের প্রায় ৬০ লাখ টাকার মালামাল রয়েছে। অডিট টিম এসে হিসাব করার আগে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে শোরুমসংলগ্ন ভবনটিরও ব্যাপক ক্ষতি হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আতিকুর রহমান দৈনিক জনতা কে বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থলে হাজার হাজার উৎসুক মানুষের ভিড় থাকায় উদ্ধার ও আগুন নেভানোর কাজে কিছুটা বিঘ্ন ঘটে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর সদর থা
নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা