মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়ি, ২৭ নভেম্বর ২০২৬: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে রাঙামাটির বিলাইছড়িতে বিনামূল্যে ভেটেরিনারি ভ্যাকসিনেশন ক্যাম্প ও কৃমিনাশক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বিলাইছড়ি, রাঙামাটি পার্বত্য জেলার উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ টিকা প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়।
কর্মসূচিতে খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে যথাসময়ে টিকা প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি নির্ধারিত সময়ে উপযুক্ত কৃমিনাশক ওষুধ ব্যবহার না করলে খামারিরা কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন, সে বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া আধুনিক খামার ব্যবস্থাপনা, পশুপাখির সঠিক পরিচর্যা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণের বিষয়ে খামারিদের উদ্বুদ্ধ করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রূপন কান্তি চৌধুরী এবং ড্রেসার শান্তি প্রকাশ চাকমা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় খামারিদের মধ্যে প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
