দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় অংশগ্রহণ করেন প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ বলেন, ‘মাদক একটি সমাজ ধ্বংসকারী ব্যাধি। যুব সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, ‘দোয়ারাবাজার উপজেলাকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততার মাধ্যমে অপরাধ প্রতিরোধ সম্ভব।’
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দোয়ারাবাজারকে মাদকমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই সভা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।