পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন ২০২৬ সালের গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা, সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) দিনব্যাপী নগরীর বাকলিয়া থানাধীন হাফেজ নগর তুলতলি এলাকায় নেয়ামত নুর জামে মসজিদ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আকতার উদ্দিন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ ইরফান কাশেমী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল জামিয়া আরাবিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা শেখ আবদুল আজিজ, প্রতিষ্ঠাতা পরিচালক আজিজিয়া দারুল আরকাম তাহফিজুল কুরআন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন, প্রধান আলোচক মুফতি বেলাল উদ্দিন আজাদ, বায়তুল কুরআন হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ রফিক বিন হোসাইন, মোরশেদুল আলম, মোহাম্মদ আলমগীর, মাওলানা মতলুবুর রহমান, জামাল হোসাইন (প্রবাসী) এবং হাফেজ মাওলানা শহিদুল্লাহ (প্রবাসী)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কারী মাওলানা সেলিম উদ্দীন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, সহ-সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাযিলের পাশাপাশি এর সংরক্ষণের দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। যুগে যুগে অসংখ্য হাফেজে কুরআন এই মহাগ্রন্থকে মুখস্থ করে সংরক্ষণ করে আসছেন। হাফেজে কুরআন হওয়া দুনিয়া ও আখিরাতে সম্মান ও সৌভাগ্যের বিষয়—এতে ব্যক্তি ও তার পরিবার বিশেষ মর্যাদা লাভ করে।
অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ৩০ জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ৫০ জনকে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০ জনকে আকর্ষণীয় পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রায় ২০০ জন আগত অতিথির মাঝে উন্নত মানের খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।