দীপক চৌধুরী: ১৯৮৮ সাল। আমি তখন চিত্রালী পত্রিকায় কাজ করি। আমার উপর সম্পাদক আহমদ জামান চৌধুরী ওরফে খোকা ভাই দায়িত্ব দিলেন হিরো ফারুকের ইন্টারভিউ করতে হবে! তখন আমি মোস্ট জুনিয়র রিপোর্টার। হীরেন দে, আহাদ ভাই, নরেশ ভুঁইয়া অর্থাৎ এসব সিনিয়র রিপোর্টার নয় কেন? সম্পাদকের নির্দেশ ‘তুমি যাও।’ ইন্টারভিউর আগের রাত শুধুমাত্র হিরো ফারুক পড়লাম। সেসময়ের আকাশচুম্বি জনপ্রিয় তারকা ফারুক ভাই। তাঁর উত্থান পর্ব, জন্ম, সিনেমা জগতে প্রবেশ, তাঁর বৈশিষ্ট্য এসব আর কী! এরপরের সপ্তাহে তাঁর ‘বিশাল সাক্ষাৎকার ছাপা হলো। খোকা ভাই সাক্ষাৎকার গ্রহণকারী হিসেবে আমার নামটি উজ্জ্বল করে ছাপালেন যাতে সবার চোখে পড়ে কে সাক্ষাৎকারটা এনেছে! আমারও ভালো লেগেছে। যথাযথভাবে তাঁর সুন্দর ছবিসহ কথাগুলো ছাপা হওয়ায় নায়ক ফারুক ভীষণ খুশি। তারপর ঘটল ভয়ঙ্কর ঘটনা। চিত্রালী পত্রিকার মালিক ক্ষেপে আগুন। কারণ, ফারুক ভাইয়ের উক্তি ছিল, ‘জাতির জনক বঙ্গবন্ধু না হলে কখনোই বাংলাদেশ স্বাধীন হতো না। সুতরাং বঙ্গবন্ধুকে নিয়ে এদেশে সবচেয়ে ব্যতিক্রম ও আলোচিত ছবি নির্মাণ করা সময়ের দাবি।’ আমার চাকরি যায় যায় অবস্থা। কেন “জাতির জনক বঙ্গবন্ধু ‘ লিখেছিলাম? অবশেষে অবশ্যই সম্পাদক আমার চাকরি রেখেছিলেন। আজও মনে পড়ে আমার সেই কয়েকটি খারাপ দিনের কথা। বীর মুক্তিযোদ্ধা মিয়া ভাইয়ের জন্য ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।
সেই একদিন ‘হিরো ফারুক’
প্রকাশিতঃ মে ২০, ২০২৬, ০৫:০০