লালুকে সঙ্গে নিয়ে মাঠ কাপাবেন পিরোজপুরের ‘ডোনাল্ড ট্রাম্প’

প্রকাশিতঃ মে ২১, ২০২৬, ০৮:০২

এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে কোরবানির ঈদের বাজার মাতাতে প্রস্তুত করা হয়েছে ব্যতিক্রমধর্মী দুটি বিশাল আকৃতির গরু—‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘লালু’। নামের মতোই তাদের আচরণ ও উপস্থিতিও নজর কাড়ছে সবার। বিশেষ করে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর চুলের স্টাইল ও চোখের গঠন অনেকটাই মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর মতো হওয়ায় খামারের মালিক মজার ছলে তার নাম রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

বুধবার (২০ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকার বাসিন্দা মো. জুলফিকার খানের খামারে গরু দুটি ঘিরে স্থানীয়দের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন বিশাল আকৃতির এ গরু দুটি দেখতে।

খামার সংশ্লিষ্টরা জানান, শান্ত স্বভাবের হলেও হঠাৎ করেই ‘ট্রাম্প’-এর মেজাজ গরম হয়ে যায়। অপরিচিত কাউকে সহজে কাছে ভিড়তে দেয় না। তাকে নিয়ন্ত্রণে রাখতে চার থেকে পাঁচজন লোকের প্রয়োজন হয়। গরমে স্বস্তি দিতে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হয়। অন্যদিকে ‘লালু’ও বেশ দুরন্ত স্বভাবের হওয়ায় দুজনকে সামলাতে পরিচর্যাকারীদের হিমশিম খেতে হয়।

পরিচর্যাকারী আল আমিন বলেন, “গরু দুটিকে আমরা পরিবারের সদস্যের মতো যত্ন করি। নিয়মিত গোসল, ফ্যানের ব্যবস্থা এবং প্রাকৃতিক খাবার দেওয়া হয়। কোনো ধরনের মোটাতাজাকরণ ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি।”

খামার মালিক মো. জুলফিকার খান বলেন, “ছোট থেকেই গরু দুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করেছি। নিজেদের উৎপাদিত ঘাস, খড়, ভুসি ও শস্যজাত খাবার খাওয়ানো হয়। কোরবানির ঈদ সামনে রেখে ইতোমধ্যে অনেক ক্রেতা খামারে আসছেন।”
তিনি আরও জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘লালু’—উভয়ের ওজন প্রায় ১০ থেকে ১২ মণ। গরু দুটির দাম হাঁকা হচ্ছে প্রায় ৬ থেকে ৮ লাখ টাকা। তবে উপযুক্ত দাম পেলে বিক্রি করবেন বলে জানান তিনি।
আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যেই গরু দুটি পিরোজপুরের পশুর হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের ধারণা, ‘ট্রাম্প’ ও ‘লালু’ এবার জেলার কোরবানির বাজারে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার জানান, স্বাস্থ্যসম্মত উপায়ে পশু হৃষ্টপুষ্টকরণ ও বাজারজাত নিশ্চিত করতে খামারিদের সার্বক্ষণিক পরামর্শ ও তদারকি করা হচ্ছে। তিনি আরও জানান, জেলার সাতটি উপজেলায় কোরবানিকে সামনে রেখে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ২৬টি পশুর হাট বসবে। এসব হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দিতে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।