নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর ঘোড়াশালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি ঢাকায় থেকে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন সজিব সরকার। ট্রেনটি বিকেল সাড়ে চারটার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় প্রবেশ করলে প্রবল বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত হয়।
এসময় ট্রেনের ‘ছ’ বগির ছাদে অবস্থানরত সজিব সরকারের ওপর বজ্রপাত হয়। পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে আসার পর ছাদ থেকে রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ নামায়।