নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক হিজড়ালে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে| এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরও এক তৃতীয় লিঙ্গের হিজড়াকে গুরুতর আহত হয়েছে| ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৪ মে) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেট এলাকায়|
নিহত ইয়াসমিন ওরফে সুমন রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান এবং আহত চাঁদনী ওরফে বাবু একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান বলে জানা গেছে|
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর মুরগীর ফার্মের কর্মচারী রাসেল তৃতীয় লিঙ্গের ইয়াসমিন ও চাঁদনীকে ফার্মে অসৎ কাজের উদ্দেশ্যে ডেকে নেয়| রাসেলসহ কয়েকজন তাদের সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়| পরে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় বাগবিতন্ডা হয়| এ ঘটনায় এ হত্যাকান্ড ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা| বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে| আহত চাঁদনীকে চিকিৎসার জন্য প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়| এ ঘটনার পর থেকে ফার্মের কর্মচারী রাসেল পলাতক রয়েছে| পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে| পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে|
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান বলেন, হত্যাকান্ডের ঘটনাটি রহস্যজনক| পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে|