এন.এম হামিদী বাবু নীলফামারীঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর ঈদ সহায়তার অর্থ সময়মতো বিতরণ না হওয়ায় নীলফামারী সদর উপজেলা জুড়ে চরম ক্ষোভ, উদ্বেগ ও হতাশার সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, সহায়তার অর্থ সম্পূর্ণ বিতরণ নিশ্চিত না করেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈদের ছুটিতে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফলে বহু দরিদ্র ও অসহায় পরিবার এখনও তাদের প্রাপ্য সরকারি সহায়তা থেকে বঞ্চিত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার অন্যান্য উপজেলায় ইতোমধ্যে ঈদ সহায়তার অর্থ বিতরণ কার্যক্রম শেষ হলেও নীলফামারী সদর উপজেলায় এখনো অনেক উপকারভোগী তাদের বরাদ্দকৃত অর্থ হাতে পাননি। ঈদকে সামনে রেখে এমন পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা বরাদ্দ দেওয়া হলেও প্রশাসনিক অব্যবস্থাপনা, দায়িত্বে অবহেলা ও সমন্বয়হীনতার কারণে প্রকৃত সুবিধাভোগীরা সময়মতো সেই সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা জানান, ঈদের আগে এই অর্থ হাতে পেলে পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনা, শিশুদের নতুন পোশাক সংগ্রহ এবং ন্যূনতম ঈদের প্রস্তুতি নেওয়া সম্ভব হতো। কিন্তু সহায়তা না পাওয়ায় অনেক পরিবার এখন চরম আর্থিক সংকট ও মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে।
সচেতন মহলের মতে, ঈদকে কেন্দ্র করে সরকারের বরাদ্দকৃত সহায়তা দ্রুত, সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করা প্রশাসনের নৈতিক ও দাপ্তরিক দায়িত্ব। অথচ দায়িত্বে গাফিলতি এবং যথাযথ তদারকির অভাবে অসহায় মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। তারা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বঞ্চিত মানুষের মাঝে সহায়তার অর্থ বিতরণের দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় বিভিন্ন মহলে ক্ষোভ প্রকাশ করে অনেকে বলছেন, ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তা সময়মতো বিতরণ না হওয়া অত্যন্ত দুঃখজনক, অমানবিক এবং প্রশাসনিক দায়িত্বহীনতার পরিচায়ক।
তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।