স্টাফ রিপোর্টার : চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে। ফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার (২১ আগস্ট) বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।
তিনি জানান, দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। তবে বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ফল প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করে নভেম্বরের মাঝামাঝি ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। এতে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। এবার দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এসব পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ আগস্ট।
ওই দিন সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রস্তুতের কাজ এগিয়ে নেওয়া হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বরের মাঝামাঝি ফল প্রকাশের লক্ষ্য রয়েছে।
