ঈদ-উল-আযহা উপলক্ষে বান্দরবানে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিতঃ মে ১৭, ২০২৬, ১৬:০৯

মোঃ আবুতালেব সিকদার, নাইক্ষ্যংছড়ি:বান্দরবান:
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষ্যে বান্দরবানে যথানিয়মে পশু জবাই, কোরবানির চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণের সঠিক ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মো: সানিউল ফেরদৌস।
প্রশিক্ষণে কোরবানির পশু স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা, চামড়া সংরক্ষণের আধুনিক পদ্ধতি এবং সরকার প্রদত্ত লবণের যথাযথ প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, কসাই ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কোরবানির চামড়া যাতে নষ্ট না হয় এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা যায়, সেজন্য সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে পশু জবাই ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি এবং চামড়ার অপচয় রোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।