স্টাফ রিপোর্টার : সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে ঢাকার অবস্থান ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (২২ আগস্ট) তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে ঢাকা। ফলে কোনো আন্তর্জাতিক জোট বা সহযোগিতামূলক কাঠামোয় যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, আঞ্চলিক পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক কোনো জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কও ধীরে ধীরে জোরদার হচ্ছে। স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন বলেও জানান হুমায়ুন কবির। তার এই সফরের মধ্য দিয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
