পোরশায় বোরো মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রকাশিতঃ মে ১৮, ২০২৬, ১৬:০৩

এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের বোরো মৌসুমে সরকারি খাদ্যগুদামে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে পোরশা উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এমপি নওগাঁ ১।
এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা খাদ্য বিভাগ-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কৃষি অফিসার মামুনুর রশিদ , থানা ইনচার্জ অফিসার জিয়াউর রহমান,রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষক, মিল মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার প্রতি বছরের ন্যায় এবারও সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। একই সঙ্গে লাইসেন্সধারী মিলারদের কাছ থেকে চাল ও গম সংগ্রহ করা হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, নির্ধারিত সময়ের মধ্যে সরকার ঘোষিত মূল্যে কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল ও গম সংগ্রহ করা হবে। সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান খাদ্যগুদামে ফিতা কেটে ধান গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।