মোঃ মাসুদ করিম রূপগঞ্জ থেকেঃ রূপগঞ্জ উপজেলায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে ‘ইসলামী টেলিভিশন’-এর রূপগঞ্জ প্রতিনিধি আল আমিনের (৩২) উপর মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা অত্যন্ত বর্বর ও নৃশংস হামলা চালিয়েছে। বৃহস্পতিবার(২১ মে) আহত আল আমিন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় বিপ্লব,সাইফুল, জুয়েল, দিপু,অমিত,আরিফসহ অজ্ঞাত ১০/১২ জনের নাম উল্লেখ করা হয়। মামলা বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাংবাদিক আল আমিন রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী গ্রামের (১নং ওয়ার্ড) মো. জয়নালের ছেলে। গত ১৯ মে দিবাগত রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় সংবাদ সংগ্রহের কাজ শেষ করে তিনি তার ব্যক্তিগত ‘টিভিএস ফোর-ভি’ (TVS 4V) মোটরসাইকেল (রেজিঃ নং- ১২-৬৮৬৩) যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বানিয়াদী খালপাড় পাকা রাস্তায় পৌঁছালে ওৎ পেতে থাকা স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা হলেন: বানিয়াদী গ্রামের মোসলেমের ছেলে বিপ্লব (৩৫), মছিমপুর গ্রামের রেজাহির ছেলে সাইফুল (৪০), বানিয়াদী গ্রামের লেয়াজ উদ্দিনের ছেলে জুয়েল (৪০), হযরত আলীর ছেলে দিপু (৩৫), ভূট্টোর ছেলে অমিত (২৮), এবং তাইজুদ্দিনের ছেলে আরিফ (২৬)। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০/১২ জন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। সন্ত্রাসীরা ৩২ হাজার টাকা নগদ অর্থ সহ মোটর সাইকেলটি নিয়ে যায়।
যাওয়ার সময় তারা হুমকি দেয় যে এই ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বা থানায় মামলা করলে আল আমিন ও তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলা হবে এবং তাদের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়া হবে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনরা রক্তাক্ত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে দ্রুত রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এএইচএম সালাউদ্দিন বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে আসামিদের গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।