পোরশায় জমে উঠেছে কুরবানীর পশুর হাট

প্রকাশিতঃ মে ২৪, ২০২৬, ০৫:০৫

এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায় পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কুরবানীর পশুর হাট। উপজেলার বিভিন্ন হাট-বাজারে দেশীয়ভাবে লালন-পালন করা গরু, মহিষ, ছাগল ও ভেড়া নিয়ে আসছেন খামারিরা।
স্থানীয় খামারিরা জানান, এ বছর পশুখাদ্যের দাম বেশি হলেও তারা আশাবাদী ভালো দামে পশু বিক্রি করতে পারবেন। বিশেষ করে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় এসব পশুর দাম তুলনামূলক বেশি হাঁকা হচ্ছে। ক্রেতারাও বিভিন্ন হাট ঘুরে পশুর স্বাস্থ্য, আকার ও দাম যাচাই করে কিনছেন।
গতকাল শনিবার বিকালে ছাড় ইউনিয়নের মসিদপুরহাটে আসা কয়েকজন ক্রেতা বলেন, কুরবানীর জন্য পছন্দের পশু কিনতে এখন থেকেই বাজারে আসছেন তারা। তবে অনেকেই দাম কিছুটা বেশি এবং কিছুটা কম বলে মন্তব্য করেন। বিক্রেতাদের দাবি, খাবার ও পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় পশুর দামও কিছুটা বেশি।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর পোরশায় কুরবানীর চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। খামারিদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু পালন এবং হাট ব্যবস্থাপনায় বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে কুরবানীর পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়েও সচেতনতামূলক সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। হাটে গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রাণিসম্পদ বিভাগ থেকে ডাক্তার দিয়ে তদারকি করা হচ্ছে এবং জাল টাকা, ক্রেতাদের কাছে অতিরিক্ত ঢোল আদায় করা এসব বিষয়ে ভ্রাম্যমান আদালতের দ্বারা তদারকি করা হচ্ছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন সহকারী ভূমি কমিশনার নাবিলা ফেরদাউস।

এদিকে ঈদ যত ঘনিয়ে আসছে, ততই পোরশার পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার ভিড় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।