শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জিয়ানগরে ৭০ পিস ইয়াবা ব্যবসায়ী নারী গ্রেপ্তার

জিয়ানগরে ৭০ পিস ইয়াবা ব্যবসায়ী নারী গ্রেপ্তার

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার অভিযান চালিয়ে ৭০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ লিজা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ ডেপসাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য থানায় এজাহার করা হয়েছে।

জিয়ানগর থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ডেপসাবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে, এ সময় একটি বাড়ির উঠানে এক নারীকে অবস্থান করতে দেখে পুলিশ সদস্যরা এগিয়ে গেলে তিনি পালানোর চেষ্টা করেন, পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে আটক করা হয়।

আটক নারীকে জিজ্ঞাসাবাদ করে তাঁর নাম-ঠিকানা নিশ্চিত হওয়ার পর উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর হেফাজত থেকে নীল পলিথিনে মোড়ানো ৭০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এজাহারে উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৭ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার লিজা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বালিপাড়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। বিক্রির উদ্দেশ্যেই তিনি ইয়াবা ট্যাবলেটগুলো নিজের হেফাজতে রেখেছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযানটি এসআই ইসমাইলের নেতৃত্বে পরিচালিত হয়। তাঁর সঙ্গে ছিলেন এসআই পলাশ সাহা, এএসআই শফিকুল, এএসআই অশোক, এএসআই ওহিদুল, এএসআই এনামুল কবির, কনস্টেবল সুমন, কনস্টেবল সুজিত এবং নারী কনস্টেবল সোনিয়া।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাব্বাত আলী খান বলেন, পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে মাদকসহ এক নারীকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত নারীকে আদালতে সোপর্দ করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা