বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ Uncategorized পেশাগত অধিকার ও মর্যাদা সুরক্ষায় গণমাধ্যমকর্মীদের ঐক্যের বিকল্প নেই: বিএফইউজে সভাপতি

পেশাগত অধিকার ও মর্যাদা সুরক্ষায় গণমাধ্যমকর্মীদের ঐক্যের বিকল্প নেই: বিএফইউজে সভাপতি

রিয়াজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি: সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার প্রত্যয়ে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি এবং দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গণি চৌধুরী।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাফরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুর রহমান শাহীন বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করতে হবে। সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ, দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশার স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি গণমানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

প্রধান বক্তা কাদের গণি চৌধুরী বলেন, সাংবাদিকদের অধিকার আদায় এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন ও শক্তিশালী সংগঠনই তাদের ন্যায্য দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য পেশাদার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।

সভাপতির বক্তব্যে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী বলেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সবসময় সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে কাজ করে আসছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও ঐক্য প্রয়োজন।

দ্বি-বার্ষিক সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দসহ কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণ, অধিকার রক্ষা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারকে আরও শক্তিশালী, গতিশীল ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা