এন.এম হামিদী বাবু নীলফামারী : নীলফামারীতে পরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক প্রকল্পের আওতায় পরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ লুৎফর রহমান।
আরও উপস্থিত ছিলেন মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক প্রকল্পের পরিচালক ও পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার উপ-পরিচালক সৈয়দ আহম্মদ কবির , পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
এছাড়াও কর্মসূচিতে জুট মিল কারখানা, ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, টেক্সটাইল মিলসহ বিভিন্ন শিল্প ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, শিল্পকারখানায় পরিবেশগত বিধিবিধান প্রতিপালন, বায়ু ও পানি দূষণ রোধ এবং পরিবেশবান্ধব কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা ও দায়িত্বশীল আচরণই হতে পারে টেকসই ও বাসযোগ্য নীলফামারী গড়ার অন্যতম প্রধান ভিত্তি।
