শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুতুবদিয়া যাওয়ার পথে মগনামাঘাটে সাগরে পড়ে যুবক নিখোঁজ

কুতুবদিয়া যাওয়ার পথে মগনামাঘাটে সাগরে পড়ে যুবক নিখোঁজ

এম. শহীদুল ইসলাম (কুতুবদিয়া- কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়া উপজেলা মগনামা জেটিঘাটে নৌকায় ওঠার সময় সাগরের পানিতে পড়ে শামিম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শামিম ভোলা জেলার বাসিন্দা মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন। তাঁর শ্বশুরবাড়ি কুতুবদিয়া। তাঁর স্ত্রীসহ নতুন জামাই হিসেবে কুতুবদিয়া শ্বশুরবাড়ি আসার পথে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শামিমের স্ত্রী করিমা বেগম জানান, প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়। তিনি চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। স্বামী শামিম চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন। করিমা বেগম তার স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি কুতুবদিয়ায় আসছিলেন। মগনামা ঘাটে পৌঁছে ডেনিস বোটে ওঠার সময় তার সামনেই অসাবধানতাবশত শামিম পানিতে পড়ে যান।

শামিমের শ্বশুর কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়ন মগলাল পাড়ার শাহ আলম জানান, তার ৮ম মেয়ে করিমা চট্টগ্রামে চাকরী করাকালীন বছর খানেক আগে ভোলার শামিমের সঙ্গে বিয়ে হয়। শনিবার নতুন জামাই নিয়ে বাড়িতে বেড়াতে আসছিল। মগনামা জেটিঘাটে নৌকায় ওঠার সময় অসাবধানতা বশত সাগরে পড়ে পানিতে তলিয়ে যায়।

করিমা বেগম বলেন, “আমার স্বামী সাঁতার জানতেন। কিন্তু পানিতে পড়ার পর খুব দ্রুত ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।”

ঘাটের ইজারাদার নুরুল ইসলাম জানান, অসাবধানতাবশত ওই যুবক পানিতে পড়ে যান। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে দমকল বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। পরে দমকল বাহিনীর সদস্যরা দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ যুবকের সন্ধান রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

দমকল বাহিনী পেকুয়া ইনচার্জ জানান, উপজেলা প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে তাদের কাছে ডুবুরি না থাকায় পানিতে নিখোঁজ ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ ব্যক্তির মরদেহ ভেসে না ওঠা পর্যন্ত উদ্ধার কার্যক্রমে জটিলতা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, শামিম নিখোঁজের ঘটনায় ঘাট এলাকায় পারাপাররত যাত্রীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা