মোঃ মনজুর মোল্লা : জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দ্রুত পদক্ষেপে রাজধানীর কদমতলীতে জোড়া বিদেশি অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে ৯ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড গুলির খোসা। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি পিস্তল ও একটি রিভলবার রয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে কদমতলী থানাধীন শনিরআখড়া নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মেসার্স লাকি ক্রোকারিজ নামে একটি দোকানে ঢুকে ৪-৫ জনের একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছাড়ে। এতে দোকান মালিক মো. আসলাম খান (৩৮) ডান চোয়াল ও বাম হাতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে জখম হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে মো. মঞ্জুরুল ইসলাম (৪৪) নামে এক সন্ত্রাসীকে হাতেনাতে ধরে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সাহায্য চান। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল পিয়াস চন্দ্র পাল দ্রুত সংবাদটি নেন এবং ডিসপাচার এএসআই কাজল ভূঁইয়া কদমতলী থানার সাথে সমন্বয় করে দ্রুত পুলিশ পাঠানোর ব্যবস্থা করেন।
সংবাদ পেয়ে কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর স্থানীয়দের সহায়তায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয় মঞ্জুরুলকে। গ্রেফতারকৃত মঞ্জুরুল শরীয়তপুরের নড়িয়া থানার ইছাপাশা গ্রামের মৃত শুক্কুর আলী বেপারীর ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় মৌচাক এলাকায় বসবাস করছিলেন।
এ বিষয়ে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরাধে জড়িত বাকি সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ
