বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় সারের বাজার স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা

পোরশায় সারের বাজার স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা

এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার বিক্রি নিশ্চিত করা এবং সারের বাজার স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে পোরশা উপজেলার বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র ও ডিলারের প্রতিষ্ঠানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি নাবিলা ফেরদাউস।এ সময় সার ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন এবং সার মজুত ও বিক্রয়ের ক্ষেত্রে সরকারি বিধি-নিষেধ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন সার ডিলার ও খুচরা বিক্রেতার সার মজুতের পরিমাণ, বিক্রয় রেজিস্টার এবং মূল্যতালিকা যাচাই করা হয় কিন্তু এই সমস্ত ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি, বিক্রয় রশিদ দেখাতে না পারা , সরকারি নিয়ম না মানা ,বিভিন্ন অপরাধে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।কোনো অসাধু ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এ সময় কৃষকদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ । প্রশাসনের এ ধরনের উদ্যোগে কৃষকরা ন্যায্যমূল্যে ও সহজে সার পাবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা