ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি বসতঘর থেকে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাশেদা বেগম (৩০) নামে এক নারীকে পলাতক আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্যান্ডেল পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের সার্বিক দিকনির্দেশনায় একটি বিশেষ দল অভিযানটি পরিচালনা করে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাশেদা বেগমের তিন কক্ষবিশিষ্ট একতলা বসতঘরটি ঘেরাও করা হয়। ওই সময় ঘরটি তালাবদ্ধ থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের মধ্য থেকে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তালা ভেঙে তল্লাশি চালানো হয়।
