বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

ফরহাদ রহমান : কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর অভিযানে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আঠারো ঘরপাড়া সংলগ্ন সীমান্তবর্তী ধানক্ষেতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার আবছার উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভীবাজার এলাকার ছলিম উদ্দীনের ছেলে মো. আদিল (২৬)।

১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদে জানতে পারে, সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহ ও বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে আঠারো ঘরপাড়া সংলগ্ন সীমান্তবর্তী ধানক্ষেতে অভিযান চালানো হয়। এ সময় ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত ব্যবহার করে সংঘবদ্ধ মাদক চক্রের মাধ্যমে ইয়াবার বড় বড় চালান দেশে প্রবেশ করছে। এসব মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধের বিস্তার ঘটাচ্ছে।

তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে এসআরবি-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ নির্মূলে এ বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অপরাধী যে পর্যায়েরই হোক, তাদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫ বদ্ধপরিকর।

৫৫ অভিযানে ১৬ লাখের বেশি ইয়াবা উদ্ধার

অধিনায়ক জানান, গত ৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এসআরবি-১৫ পরিচালিত ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া সাতজন অপহৃত ও মানবপাচারের শিকার ব্যক্তিকে উদ্ধারসহ সর্বমোট ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা