ইতালি থেকে ইসমাইল হোসেন স্বপন : ইতালির অন্যতম প্রাচীন আঞ্চলিক সংগঠন ‘মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি’র উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক আনন্দ ভ্রমণ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রোমের কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে প্রবাসীদের মাঝে নির্মল আনন্দ ছড়িয়ে দিতে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি লেকের পাড়ে এই মিলনমেলার আয়োজন করা হয়। শান্ত লেকের জলরাশি আর সবুজের সমারোহে পরিবার-পরিজন নিয়ে দিনভর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা।
সমিতির সভাপতি এলিন আহমেদ মিঠু এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে এ আয়োজনে ইতালি বাংলাদেশি কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন, কমিউনিটির নেতৃবৃন্দ নূরে আলম সিদ্দিকী বাচ্চু, হাসান ইকবাল, হাবিব চৌধুরী, জুবায়ের আহমেদ রিপন, জামাল মোক্তার ও শাহাদাত হোসেন রনি।
সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, উম্মে হানি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ।
এছাড়াও রোমের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী এতে অংশগ্রহণ করেন। খোশগল্প, আড্ডা আর আনন্দঘন মুহূর্তে পুরো প্রাঙ্গণ যেন প্রবাসের বুকে রূপ নিয়েছিল ‘এক টুকরো বাংলাদেশে’।
আয়োজকরা জানান, প্রবাসজীবনের ক্লান্তি দূর করে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও প্রবাসীদের মানসিক প্রশান্তি ও ঐক্য বজায় রাখতে এ ধরনের সামাজিক ও বিনোদনমূলক আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
