কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীতার পাহাড় এলাকার পাথরঘাটায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪০ ফুট দূরে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদিজ শাহরিয়ার সানম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মামুদপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. নাছির উদ্দিন একজন অবসরপ্রাপ্ত এএসপি। সাদিজ একজন কলেজছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও নরসিংদী থেকে আসা ১২ সদস্যের একটি পর্যটক দল কাপ্তাইয়ের সীতার পাহাড় এলাকায় বেড়াতে আসে। দুপুরে ঘোরাঘুরি শেষে তাঁরা কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন। এ সময় পানিতে নেমে নিখোঁজ হন সাদিজ।
বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই সীতাঘাট মন্দিরের অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ মহারাজ ও ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন।
