উখিয়া কক্সবাজার থেকে আবু বক্কর সিদ্দিক : কক্সবাজারের উখিয়ায় ‘মৎস্য অবমুক্তকরণ দিবস-২০২৬’ উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের ৩৯টি পুকুরে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উখিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। উপজেলার মৎস্য সম্পদ বৃদ্ধি এবং স্থানীয়দের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) নাজমুল হুদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার এবং উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রামু উপজেলা মৎস্য কর্মকর্তা ও উখিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ।
পোনামাছ অবমুক্তকরণকালে জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, “প্রাকৃতিক ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের বংশবৃদ্ধি এবং উৎপাদন বাড়াতে মৎস্য অধিদপ্তরের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মৎস্য সম্পদের সুরক্ষায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও এগিয়ে আসতে হবে।”
উক্ত কর্মসূচিতে উপজেলা মৎস্য অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মাছের এই পোনাগুলো উখিয়ার মৎস্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
