স্টাফ রিপোর্টার : পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জাতিসংঘে দেশটির পূর্ণ সদস্যপদ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ফিলিস্তিন সংকটের স্থায়ী অবসানে দ্বি-রাষ্ট্র সমাধানের কার্যকর বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে আয়োজিত ‘দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য বৈশ্বিক জোট’-এর উচ্চপর্যায়ের মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে এই অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বক্তব্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের কার্যকর ও দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এই শান্তি প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের নিজস্ব মালিকানা প্রতিষ্ঠা এবং স্পষ্ট জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণ অবিলম্বে বন্ধ করা এবং গাজায় যেকোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনসংখ্যার গঠনগত পরিবর্তন রোধের দাবি জানান। পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় নিয়োজিত সংস্থা ইউএনআরডব্লিউএ-এর আইনি সুরক্ষা ও নিরবচ্ছিন্ন অর্থায়ন বজায় রাখার আহ্বান জানান তিনি।
বিভিন্ন দেশের মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
