বেনাপোল থেকে সুমন হোসাইন : যশোরের শার্শায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী’লীগ নেতা ও ইউপি সদস্য আবু তালেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় উপজেলার বাগআঁচড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু তালেব উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত নুর মোহাম্মদ মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ-১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর ২০২৬, বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ১৫ (৩)/২৫ ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারার মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেপ্তার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
