নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ ও কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসব অভিযানে ১৭১ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন থানায় মোট ২৫টি অভিযান চালানো হয়।
অভিযানে আটক ১৭১ জনের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ১১ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪ ধারায় এবং নিয়মিত মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
থানাভিত্তিক অভিযানে সুধারাম মডেল থানায় ২৯ জন, হাতিয়া থানায় ২৯ জন, কোম্পানীগঞ্জ থানায় ১০ জন, বেগমগঞ্জ মডেল থানায় ২০ জন, সেনবাগ থানায় ২১ জন, চাটখিল থানায় ৮ জন, চরজব্বর থানায় ১০ জন, সোনাইমুড়ী থানায় ২২ জন এবং কবিরহাট থানায় ১১ জনকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, কোম্পানীগঞ্জ থানায় আটক ব্যক্তিদের মধ্যে চারজনের বিরুদ্ধে ৩৪ ধারায় এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে। সোনাইমুড়ী থানায় তিনজনের বিরুদ্ধে ৩৪ ধারায় এবং তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে অভিযান পরিচালনার পাশাপাশি অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে সচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।
