চাটখিল (নোয়াখালী) থেকে ওমর ফারুক : সরকার ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর চাটখিলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করেছে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ২০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা জাহিরা খাতুন, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক মাসুদ পারভেজসহ সংশ্লিষ্টরা।
চাটখিল উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা জাহেরা খাতুন বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এবং নোয়াখালী জেলা কমান্ড্যান্ট স্যারের নির্দেশনায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতেও এ ধরনের কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।”
