মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,কুলাউড়া মৌলভীবাজার : ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার তিন দিন পর মৌলভীবাজারের কুলাউড়ায় জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার উপজেলার ১১ নম্বর হাজীপুর ইউনিয়নের কটারকোনা সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।জুবায়ের কুলাউড়া উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা।পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর রাতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কুলাউড়ার উদ্দেশে ট্রেনে যাত্রা করেন তিনি।
রাত আনুমানিক ৭টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সন্ধান চান। পরে কটারকোনা এলাকায় রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।এ ঘটনায় উত্তর হিঙ্গাজিয়া গ্রামসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
