তোকির আহমেদ শাহীন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ে বর্তমানে কোনো কার্যকর পরিচালনা কমিটি নেই। ফলে শিক্ষকরা নিজেদের ইচ্ছামতো বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন। এমনকি শ্রেণিকক্ষে পাঠদানের সময় কোনো কোনো শিক্ষক মোবাইল ফোনে ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারে ব্যস্ত থাকেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, এসব কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের পাঠদানে বিরূপ প্রভাব পড়ছে। তারা বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসী আরও দাবি করেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে বিদ্যালয়ের একটি কার্যকর কমিটি গঠন করে বিদ্যালয়ের নিয়ম-কানুন ও প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।
তবে অভিযোগগুলোর বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন,আমি নতুন জয়েন করেছি।আমি জেনে বলতে পারব।
