শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

শালিখা মাগুরা থেকে ইয়াছিন মোল্যা : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে মাগুরার শালিখা থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক মন্দির গুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে এক মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা সদর আড়পাড়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডবে এ মহড়া অনুষ্ঠিত হয়।

দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষার লক্ষ্যে এ মহড়ার আয়োজন করেন শালিখা থানা পুলিশ ।

মহড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জরুরি মুহূর্তে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা মহড়ায় অংশ নেন।

মহড়া শেষে শালিখা থানার ওসি মোঃ আশিকুর রহমান সাংবাদিকদের জানান, “শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজা মন্ডপ গুলোতে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আজকের এই মোটরসাইকেল মহড়ার আয়োজন করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “গত বছর শালিখা থানার আওতাধীন ১৩১টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর এ সংখ্যা বেড়ে ১৬০টিতে দাঁড়িয়েছে। পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে জনবলও বাড়ানো হয়েছে। বাংলাদেশ পুলিশ, আনসার সদস্য ও গ্রাম পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। পূজাকে কেন্দ্র করে যেন কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা