এইচ এন আলম, কক্সবাজার : পাঁচ ইউনিয়নের নির্দিষ্ট এলাকা অন্তর্ভুক্তির প্রস্তাব, জনমত ও আপত্তি জানাতে সময় ৩০ দিন কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।
বিদ্যমান পৌরসভার সঙ্গে পার্শ্ববর্তী পাঁচটি ইউনিয়নের নির্দিষ্ট এলাকা যুক্ত করে সিটি করপোরেশন গঠনের প্রস্তাব দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। প্রস্তাব অনুযায়ী, নতুন সিটি করপোরেশনের আয়তন হবে প্রায় ১৬৯ দশমিক ৬৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১০ লাখ ৮০ হাজার।
জেলা প্রশাসক মো. আ. মান্নানের স্বাক্ষরিত গত ৩১ আগস্টের গণবিজ্ঞপ্তিতে কক্সবাজার পৌরসভা ছাড়াও ঝিলংজা, খুরুশকুল, পিএমখালী, দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং ইউনিয়নের নির্দিষ্ট এলাকা অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। এতে সংশ্লিষ্ট ১২টি মৌজার নাম এবং মৌজা ও দাগ নম্বরের বিস্তারিত বিবরণও রয়েছে।
